মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশ পুলিশ কমিশনারের

নভেম্বর ১৭ ২০২৬, ১৮:৫৯

আমার বরিশাল ডেস্ক,

বরিশাল ‍॥  বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। সভায় পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং ও ক্যান্টিনসহ বিভিন্ন কল্যাণসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ কমিশনার। একই সঙ্গে মাদক, কিশোর গ্যাং, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় সম্প্রতি মৃত্যুবরণকারী উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমানের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয় এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। এছাড়া অবসরপ্রাপ্ত কনস্টেবল মো. আবুল হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....