বরিশাল ছাত্রলীগের আনন্দ মিছিল
নভেম্বর ০৮ ২০২৬, ১৯:৫৩
বরিশাল প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে আনন্দ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দিয়েছেন বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে নগরীর ব্যস্ততম সদর রোড এলাকা থেকে মিছিলটি বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়সহ বিভিন্ন শ্লোগান দেন।
মিছিলের ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছবি দেখা গেছে। মিছিলে কার্যক্রম নিষিদ্ধ ছাত্র ও যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন-হঠাত করে একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। আমরা মাঠে আছি। এখনপর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
