উজিরপুরে ইটভাটায় অভিযান, যুবক আটক

নভেম্বর ০৮ ২০২৬, ১৯:৪৬

আমার বরিশাল ডেস্ক,

বরিশালের উজিরপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা প্রদান ও বিশৃঙ্খলা (মব) সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামের স্থানীয় এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার শিকারপুর ইউনিয়ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানে গুঁড়িয়ে দেওয়া অবৈধ ইটভাটা দুটি হলো নুরু মিয়ার ইটভাটা (এসএসবি) এবং মক্কা ব্রিকস।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। অভিযান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে বরিশাল জেলা পুলিশের বিশেষ টিম ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি চৌকস দল।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার গণমাধ্যমকে জানান, পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইটভাটা দুটিতে পরিবেশ আইন অমান্য করে কয়লার পরিবর্তে অবৈধভাবে লাকড়ি পোড়ানো হচ্ছিল এবং তাদের প্রয়োজনীয় কোনো বৈধ কাগজপত্র ছিল না। যে কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, সরকারি কাজে বাধা দেওয়া এবং মব সৃষ্টির অপরাধে একজনকে আটক করা হয়েছে, যার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন....