‘সমবায়ের নামে অনিয়ম নয়, চাই আর্থিক স্বচ্ছতা’

নভেম্বর ০৮ ২০২৬, ১৯:৪৩

আমার বরিশাল ডেস্ক,

সমবায় সমিতির কার্যক্রমে দলীয়করণ, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. মজিবর রহমান সরওয়ার। তিনি বলেছেন, সমবায়ের সম্মিলিত উদ্যোগ নিম্ন ও মধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক মুক্তি, দারিদ্র্য বিমোচন এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রবিবার (৮ নভেম্বর) সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, বরিশাল এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংসদ সদস্য সরওয়ার বলেন, সমবায় খাতের সম্ভাবনা থাকলেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এ জন্য কর্মকর্তাদের দাপ্তরিক কাজের পাশাপাশি মাঠপর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং সমবায়ের সুযোগ-সুবিধা ও সফলতার দৃষ্টান্ত তুলে ধরতে হবে। শুধু সমিতি গঠন করলেই দায়িত্ব শেষ নয়, এর সুষ্ঠু পরিচালনা, সদস্যদের স্বার্থ রক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো সমিতি বন্ধ হয়ে গেলে সদস্যদের জমা অর্থ যাতে ঝুঁকিতে না পড়ে, সে ব্যবস্থাও নিতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে সমবায় কার্যক্রম পরিচালিত হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক কল্যাণে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। সরকার পরিবর্তন হলেও সমবায়ের প্রয়োজনীয়তা কখনো শেষ হবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার এবং বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমবায় সমিতির সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সমবায় পণ্য মেলার আয়োজন করা হয়। মেলায় ১৫টি স্টলে সমবায় সদস্যদের উৎপাদিত ও প্রক্রিয়াজাত নকশিকাঁথা, পোশাক, কারুশিল্প, কৃষি ও খাদ্যপণ্য এবং গৃহস্থালী সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হয়। এ ছাড়া সমবায় খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১১টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পুরস্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করুন....