ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে প্রয়োজনে আবার রাজপথে নামব: নুর

নভেম্বর ০৮ ২০২৬, ১৯:২৮

আমার বরিশাল ডেস্ক,

পটুয়াখালী: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ডিসেম্বরকে কেন্দ্র করে স্বৈরাচাররা এই করবে-সেই করবে বলে হুঁশিয়ারি দিচ্ছে। কিন্তু আমরা পরিস্কারভাবে বলে দিতে চাই, জুলাই অভ্যুত্থানে যেমন একযোগ রাজপথে নেমে এসেছিলাম তেমনি ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে প্রয়োজনে আবার রাজপথে নামব।

রোববার (৮ নভেম্বর) পটুয়াখালীর দশমিনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুর বলেন, তারেক রহমানের নেতৃত্বে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্টরা। যারা জনগণের প্রতিবাদের মুখে দেশ থেকে পালিয়ে গিয়েছিল তারা দেশের বাহিরে গিয়ে বড় বড় কথা বলছে। স্বৈরাচারের দোসররা নানান ধরনের হুমকি-ধামকি দিচ্ছে। এসবে কাজ হবে না। জনগণ তাদেরকে আবার প্রতিহত করবে।

দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিক আহমেদ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. শাহ আলম শানু। প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

এর আগে দশমিনা বাজার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হয় আলোচনা সভা।

সংবাদটি শেয়ার করুন....