বরিশালে কোডিন মিশ্রিত ১০ বোতল সিরাপ ও ২ লাখ টাকা উদ্ধার
নভেম্বর ০৬ ২০২৬, ০১:০৩
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে কোডিন মিশ্রিত ১০ বোতল মাদকদ্রব্য সিরাপ ও মাদক বিক্রির নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মোঃ আজিজ তালুকদার (৪৮) পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে আদালতে সাতটি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানাধীন একতা সড়ক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিএমপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন) পবিত্র কুমার হালদারের নেতৃত্বে এয়ারপোর্ট থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালায়। এ সময় অভিযুক্ত আজিজ তালুকদারের বসতঘর থেকে কোডিন মিশ্রিত ৯ বোতল উইনসেরেক্স (Wincerex) সিরাপ, ১ বোতল এসকুফ (Eskuf) সিরাপ এবং মাদক বিক্রির নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের অভিযান চলাকালে উপস্থিতি টের পেয়ে আজিজ তালুকদার কৌশলে পালিয়ে যান। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, অভিযুক্ত আজিজ তালুকদারের বিরুদ্ধে আদালতে সাতটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও নগদ অর্থের ঘটনায় তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহানগর পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হয়। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
