বাকেরগঞ্জে খাদ্য গুদামের খাল অবৈধদারদের দখলে
নভেম্বর ০১ ২০২৬, ২২:৩৩
নিজস্ব প্রতিদবেদক ॥ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন কলসকাঠী খাদ্য গুদামের গুরুত্বপূর্ণ খালটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কবলে পড়ে নৌ-চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খালের দুই পাড় অবৈধভাবে ভরাট করে দখল করে রাখায় সরকারি খাদ্য গুদামে খাদ্য পরিবহনসহ সাধারণ মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন কলসকাঠী ইউনিয়নবাসী।
থানীয় সূত্রে জানা যায়, কলসকাঠী খাদ্য গুদামের পাশ দিয়ে বয়ে যাওয়া এই খালটি একসময় ছিল এই অঞ্চলের খাদ্য সরবরাহ ও কৃষি পণ্য পরিবহনের প্রধান নৌ-রুট। এই খাল দিয়েই জাহাজ ও বড় বড় নৌকায় করে খাদ্য গুদামে ধান-চাল, গম আনা-নেওয়া করা হতো।
কিন্তু প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে খালের দুই পাড় ইট ও মাটি দিয়ে ভরাট করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করে দখল করে রেখেছে। ফলে খালটি তার স্বাভাবিক নাব্যতা হারিয়েছে। পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধের পথে। এতে সরকারি খাদ্য সরবরাহ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় ভুগছে পুরো কলসকাঠী ইউনিয়ন।
এ বিষয়ে কলসকাঠী ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, “এই খাল আমাদের প্রাণ” খাদ্য গুদামের খাল দখল হয়ে যাওয়ায় আমরা চরম ভোগান্তিতে আছি। অবৈধ দখলদাররা খাল ভরাট করে ব্যবসা করছে। এলাকাবাসীর সুনির্দিষ্ট দাবি — কলসকাঠী পুরাতন লঞ্চঘাট থেকে শুরু করে খাদ্য গুদাম পর্যন্ত সম্পূর্ণ খালটি অবিলম্বে অবৈধ দখলমুক্ত করে নৌ-চলাচল স্বাভাবিক করতে হবে। এই দাবি বাস্তবায়নে এলাকাবাসী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
একই সাথে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করে খালটি উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে বক্তব্য জানতে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
