বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অক্টোবর ২৭ ২০২৬, ২২:১৫

আমার বরিশাল ডেস্ক,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে জেলা ও মহানগর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরস্থ জেলা ও মহানগর কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অশ্বিনী কুমার টাউন হলে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়।

জেলা যুবদলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন।

আলোচনা সভা শেষে নগরীতে পৃথক দুটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। প্রথমে মহানগর ও পরে জেলা যুবদলের উদ্যোগে বের হওয়া র‍্যালি দুটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

অন্য দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রকৌশলী মাহফুজুল আলম মিঠুর নেতৃত্বে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....