একটি বাসযোগ্য শহর গড়তে পরিচ্ছন্নতার বিকল্প নেই: ফারুক

অক্টোবর ২৬ ২০২৬, ২১:১৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গু প্রতিরোধ, মশার উপদ্রব কমানো এবং সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

সোমবার (২৬ অক্টোবর) তাঁর উদ্যোগে নগরীর সোনালী আইসক্রিমের মোড় থেকে নাজিরপুল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন ড্রেনে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করা হয় এবং মশা দমনে কীটনাশক প্রয়োগ করা হয়। পাশাপাশি সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করে বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হয়।

নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানোই ছিল এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। অভিযান চলাকালে মনিরুজ্জামান খান ফারুক বলেন, বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করলে চলবে না; নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, আশপাশের নালা-নর্দমা ও জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সবাই সম্মিলিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখলে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব।

তিনি জনসাধারণের সঙ্গে কথা বলে তাদের সতর্ক করেন। একই সঙ্গে বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলে দোকানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান। তিনি আরও বলেন, “আমরা একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর নগরী দেখতে চাই, যেখানে শিশু থেকে শুরু করে প্রবীণ—সবাই নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন। এমন একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। এ জন্য নগরবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।” এ সময় নগরীর বিভিন্ন ওয়ার্ডে ঝোপঝাড় পরিষ্কার এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অভিযানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান মারুফ ও অ্যাডভোকেট তসলিম আহমেদ, মহানগর ছাত্রদলের সদস্যসচিব নাভিদ রহমান তুষার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম ইকু, ১, ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্যসচিব মো. সোহেল ইসলাম, ফরিদ আহমেদ সিকদার, হানিফ হাওলাদার ও মো. আমীর খসরু। এ ছাড়া মহানগর যুবদলের দপ্তর সম্পাদক তারেকুল ইসলাম ঝুনু, সহদপ্তর সম্পাদক মো. মামুন হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....