বানারীপাড়ায় অবৈধ ভাবে মাটি বিক্রির দায়ে জরিমানা, ট্রলার জব্দ

অক্টোবর ২৪ ২০২৬, ২১:৪২

আমার বরিশাল ডেস্ক,
​মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া।।  বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙন এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানের অংশ হিসেবে খোজুরবাড়ী এলাকায় এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং নদী থেকে মাটি বহনকারী একটি ট্রলার জব্দ করে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।
​ জানা যায়, ২৪ অক্টোবর সকালে বানারীপাড়ার খেজুরবাড়ি এলাকায়  স্থানীয় কে এস বি ইটভাটার জন্য কতিপয় ব্যক্তি নদীর ভাঙনকূল থেকে অবৈধভাবে মাটি কাটার সময় এলাকাবাসী একটি ট্রলার আটক করে।  সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি পরিবহনে ব্যবহৃত  ট্রলার আটক করে বানারীপাড়া ফেরিঘাটে নিয়ে আসেন।
​পরবর্তীতে ফেরিঘাট টার্মিনালে প্রকাশ্যে উন্মুক্ত ডাকের মাধ্যমে জব্দকৃত মাটিসহ ট্রলারটির নিলাম আহ্বান করা হয়। এতে প্রথমে ১,৫০,০০০ (এক লাখ ৫০ হাজার) টাকা ভিত্তিমূল্য নির্ধারণ করা হলেও পরে প্রতিযোগিতামূলক উন্মুক্ত ডাকে সর্বোচ্চ ১,৫২,০০০ (এক লাখ ৫২ হাজার) টাকায় তা প্রকাশ্যে বিক্রি করা হয়।
​এদিকে, বানারীপাড়ার খেজুরবাড়ী এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় মোঃ মাজেদ খান নামের এক ব্যক্তিকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে বানারীপাড়া থানার এস.আই শরিফুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে জানান, এভাবে অবাধে নদীর পার ও নদীসংলগ্ন এলাকা থেকে মাটি ও বালু কাটা বন্ধ না করা গেলে নদী তীরের বাসিন্দারা ভিটেমাটি হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়বেন। পরিবেশ ও জনপদ রক্ষায় এমন অভিযান নিয়মিত রাখার দাবি জানান তারা।
সংবাদটি শেয়ার করুন....