নৌ পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. ইয়াছিনুল হকসহ হিজলা ফাঁড়ি, আবুপুর ও অন্তর্বাম পুলিশ ক্যাম্পের তিনটি যৌথ আভিযানিক দল অংশ নেয়। মেঘনা নদী ও এর শাখা নদীর ধুলখোলা, হিজলা, বাউশিয়া, হরিনাথপুর এবং অন্তর্বাম সীমানা এলাকায় এ তদারকি চালানো হয়।
অভিযানকালে নদী থেকে সব মিলিয়ে মোট ৪২ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত বিপুল পরিমাণ পরিত্যক্ত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া জব্দ ও উদ্ধার করা মা ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানা এবং গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
হিজলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ইয়াছিনুল হক জানান, আইন অমান্য করে মাছ শিকারের অপরাধে আটককৃত ২০ জন জেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা শতভাগ বাস্তবায়নে নদীতে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
