বরিশালে ‘গণতন্ত্রের বন্ধুদের সমাবেশ’

সেপ্টেম্বর ২৪ ২০২৬, ০৩:০১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও তরুণদের অর্থবহ অংশগ্রহণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘গণতন্ত্রের বন্ধুদের সমাবেশ’। আভাসের উদ্যোগে আয়োজিত বিভাগীয় পর্যায়ের এ সংলাপে ৪০ জন যুব প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশালের উপপরিচালক মো. মোস্তাক উদ্দিন।

এ ছাড়া মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি ওয়াশিয়র রহমান তন্ময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, সমাবেশের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রসার, যুবদের অর্থবহ অংশগ্রহণ বৃদ্ধি এবং গণতন্ত্রের প্রতি আগ্রহী ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি করা।

আলোচনায় বক্তারা বলেন, একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য নাগরিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জরুরি। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সহনশীলতা এবং অংশগ্রহণমূলক নাগরিক সম্পৃক্ততা গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। তারা বিশেষ করে তরুণদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়, দায়িত্বশীল ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তুলতে নিয়মিত সংলাপ ও সচেতনতামূলক কার্যক্রমের প্রয়োজন রয়েছে। আলোচনায় বর্তমান ডিজিটাল সময়ে ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্যকে নাগরিক সমাজ এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা, দায়িত্বশীলভাবে মতপ্রকাশ, ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা এবং দায়িত্বশীল নাগরিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্যের দ্রুত বিস্তারের ফলে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য শনাক্ত করার সক্ষমতা এখন নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও তরুণদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সমাবেশে অংশ নেওয়া যুব প্রতিনিধিরা গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্য যাচাই এবং তরুণদের নাগরিক সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। সংলাপের মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন....