বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ

সেপ্টেম্বর ২২ ২০২৬, ২০:২৯

আমার বরিশাল ডেস্ক,

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন খাল থেকে নিখোঁজের তিনদিন পর ইসমাইল (৬) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয়রা খালে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোকন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনদিন আগে ইসমাইল নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি।

শিশুর কাকা শাহিন বাবুর্চি অভিযোগ করে বলেন, রোকনের বিরুদ্ধে এর আগেও চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ করেন তিনি।

শিশুটির চাচি নুর নাহার (৪০) দাবি করে বলেন, কিছুদিন আগে মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে ইসমাইলের বাবার সঙ্গে রোকনের বিরোধ হয়। এ সময় রোকন শিশুটির বাবাকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘তোকে আমি এমন কিছু করব, সারাজীবন কাঁদবি।’

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোকন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, শিশুটির মৃত্যুর কারণ, তাকে কীভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় আর কেউ জড়িত কি না এসব বিষয় তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন....