আমরা পুলক চ্যাটার্জির মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
সেপ্টেম্বর ১৯ ২০২৬, ২০:৩০
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘একসময় গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিকরা রাজনৈতিক নেতাদেরও নির্দেশনা দিতেন। কিন্তু সেই গণমাধ্যমগুলোতেও অনেক ত্রুটি লক্ষ্য করা গেছে। এসব ত্রুটি দূর করা প্রয়োজন। পুলক চ্যাটার্জি কেন আত্মহত্যা করলো, পুলকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা শ্বেতপত্র চাই।’
বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির স্মরণে বরিশাল প্রেসক্লাবে উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে শুরু হওয়া এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
এসময় প্রধান অতিথি মজিবর রহমান সরোয়ার প্রশ্ন তুলে বলেন, ‘বক্তব্যে অনেকেই বলেছেন- পুলক হতাশ ছিল, এ কারণে আত্মহত্যা করেছে, তিনি এমন কাজ করতে পারেন না। কিন্তু আপনারা কেন সমকালের বিরুদ্ধে অবস্থান নিলেন না, কোনো প্রতিবাদ করলেন না? সমকালের কাছে জানতে চাননি কেন পুলক আত্মহত্যা করলেন। ঢাকায় মানববন্ধন করে প্রতিবাদ জানাতেন, আমরাও আপনাদের সঙ্গে আছি।’
বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা একটি প্রতিবাদ। পুলক নিজেকে শেষ করার আগে পাঁচটি চিঠি লিখেছেন। তাঁর মৃত্যুর পর বরিশাল থেকে সাংবাদিকদের একটি বড় ধাক্কা দেওয়া দরকার ছিল। কেন তাকে সমকাল থেকে সরিয়ে দেওয়া হলো, কেন পুলক নিজেকে শেষ করলেন— এসব প্রশ্নের উত্তর প্রয়োজন।’
তিনি বলেন, ‘পুলকের মৃত্যুর পর বরিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার ছিল। এই মৃত্যুর ঘটনা সবার মধ্যে একটি ধাক্কা সৃষ্টি করেছে। ঢাকা থেকে কোনো পত্রিকা কর্তৃপক্ষ অন্যায়ভাবে কোনো সিদ্ধান্ত নিলে বরিশাল প্রেসক্লাব কার্যকর পদক্ষেপ নিলে ভবিষ্যতে কোনো পত্রিকা কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবে না।’
স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, কাজী মেহেরুন্নেছা বেগম, সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নাসিমুল আলম, আকতার ফারুক শাহীন, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন ও হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, শাহীনা আজমিন, কাজী আল মামুন, কাজী মিরাজ মাহমুদ, গিয়াস উদ্দিন সুমন, কাজী মকবুল হোসেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য কমল সেনগুপ্ত, সুমন চৌধুরী, এম জহির, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার আজিম হোসেন সুহাদ, সমকালের স্বরুপকাঠি উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম, পুলক চ্যাটার্জির ভাই দীপক চ্যাটার্জি প্রমুখ।
এ সময় প্রয়াত পুলক চ্যাটার্জির সহধর্মিণী প্রিয়াঙ্কা চ্যাটার্জি, বরিশাল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জল, ক্রীড়া সম্পাদক খান রুবেল, পাঠাগার সম্পাদক কেএম নয়ন, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক ভূঁইয়া, মাঈনুল ইসলাম সবুজ, শাহীন হাসান, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বরিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত পুলক চ্যাটার্জির পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বিলকিস আক্তার জাহান শিরীনসহ বরিশাল প্রেসক্লাবের কার্যকরী সংসদের নেতৃবৃন্দ।
