শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে তৈরি সচেতনতামূলক প্রচারপত্র ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
রিজভী বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। ডেঙ্গু প্রতিরোধ এবং এ রোগের সংক্রমণ থেকে দেশের মানুষকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী যেসব উদ্যোগ নিয়েছেন, এটি তার অন্যতম। এ ছাড়া ডেঙ্গু মোকাবিলায় আরও কিছু উদ্যোগ ও জনসচেতনতামূলক কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট, গার্ল গাইড ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে রেডিও ও টেলিভিশনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
রিজভী বলেন, ডেঙ্গু সচেতনতা নিয়ে বিএনপি ও সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হবে। ডেঙ্গু প্রতিরোধে নেওয়া পদক্ষেপগুলোও প্রচারের আওতায় আনা হবে, যাতে মানুষ এ বিষয়ে আরও সচেতন হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্কুল, মাদরাসা, কলেজ ও হাটবাজারে আবর্জনা রাখার জন্য নির্দিষ্ট ব্যবস্থা থাকতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কমিটিগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে দলীয়ভাবে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।
সাংগঠনিক বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে রিজভী বলেন, দলের বিভিন্ন শূন্য পদে গঠনতন্ত্র অনুযায়ী পদোন্নতির উদ্যোগ নেওয়া হবে। তবে স্থায়ী কমিটির বৈঠকে দলের কাউন্সিল নিয়ে কোনো আলোচনা হয়নি।
এদিকে আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে আগ্রহীদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ এবং ১৬ সেপ্টেম্বর তা জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর স্থায়ী কমিটির বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।
বৈঠকে বিএনপির নতুন সদস্য আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ডা. ডোনাও প্রথমবারের মতো অংশ নেন।
