কাঁঠালিয়ায় স্ত্রীর হাতে স্বামী নিহত

সেপ্টেম্বর ০৪ ২০২৬, ০২:০৯

আমার বরিশাল ডেস্ক,
ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ইসরাত জাহান লিজাকে (২৫)  আটক করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার দক্ষিণ আউড়া গ্রামের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পলাশ পেশায় একজন ওষুধ ব্যবসায়ী।

তার গ্রামের বাড়ি নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামে। কিছুদিন আগে তিনি ইসরাত জাহান লিজার বাড়িতে বসবাস শুরু করেন।
সেখানে তিনি একটি ফার্মেসিও চালু করেন।‎স্থানীয়রা জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পলাশ ও লিজার মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।

বৃহস্পতিবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।‎পরে স্থানীয়রা পলাশকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাসের রায়হান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শ্বশুরবাড়ি থেকে ইসরাত জাহান লিজাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন....