বরিশালে ঢাকঢোল বাজিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো স্বেচ্ছাসেবক দল

আগস্ট ২০ ২০২৬, ০২:১১

আমার বরিশাল ডেস্ক,

বিশেষ প্রতিবেদক ॥ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে দিনভর বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।

বুধবার সকাল ১০টায় জেলা স্বেচ্ছাসেবক দল ঢাকঢোল বাজিয়ে, পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। একই দিন বিকেলে নগরীর ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করে মহানগর স্বেচ্ছাসেবক দল।

সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে র‌্যালিতে অংশ নেন। জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি, সদস্য সচিব কামরুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজামুর রহমান নিজামসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। ১০ উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেন। র‌্যালিতে নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন।

অন্যদিকে বিকেল চারটায় নগরীর টাউন হল সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কাকলীর মোড় ও চকবাজার হয়ে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ঢাকঢোল ও বিভিন্ন স্লোগানে র‌্যালিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মহানগরের ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীরা এতে অংশ নেন।মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজিত কর্মসূচিতেও প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক খান মো. আনোয়ার হোসেন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের প্রথম কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকেই স্বেচ্ছাসেবক দল বিএনপির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে সাম্প্রতিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দাবি করেন তারা। তাদের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালনকারী সংগঠনগুলোর একটি। কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই ছাত্রদলের সাবেক সংগ্রামী নেতা এবং বরিশালেও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে উল্লেখ করেন বক্তারা।
১৯৮০ সালের ১৯ আগস্ট যাত্রা শুরু করা সংগঠনটি এবার ৪৬ বছরে পা দিল। প্রতিষ্ঠার মূল লক্ষ্য হিসেবে দুর্যোগ ও সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর যে প্রত্যয় নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সেই সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন বরিশালের নেতাকর্মীরা।

 

সংবাদটি শেয়ার করুন....