সড়ক দুর্ঘটনায় নিহত ববির শিক্ষার্থী, অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ

আগস্ট ১০ ২০২৬, ০২:৪৯

আমার বরিশাল ডেস্ক,

সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত নিহত হয়েছেন। তার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরে তালা দিয়ে ভিসি দপ্তর অবরুদ্ধ করেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন আরাফাতের মৃত্যু হয়। রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে।

এর আগে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজ এলাকায় বিআরটিসি বাস ও যাত্রীবোঝাই একটি মাহিন্দ্রের (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও অন্তত চারজন আহত হন।

আহতদের মধ্যে ববির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ইয়াসিনকে প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইয়াসিন আরাফাত গুরুতর আহত হওয়ার ঘটনায় এর আগে নিরাপদ সড়ক ও শিক্ষার্থীদের নিরাপত্তাসহ চার দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা ও আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভারসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা প্রশাসনের কাছে চার দফা দাবি জানান। দাবিগুলো হলো—

১. সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে।

২. আগামী ১৫ দিনের মধ্যে মহাসড়ক মেরামত করতে হবে।

৩. বিশ্ববিদ্যালয় থেকে রূপাতলী পর্যন্ত সার্বক্ষণিক বাসের ব্যবস্থা করতে হবে।

৪. ববির স্বার্থে বিশ্ববিদ্যালয়ের দুই পাশে ফুটপাত চালু করতে হবে।

আন্দোলনরত ববি বাংলা বিভাগের শিক্ষার্থী রাজিব বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা চাই, আমাদের সব দাবি দ্রুত মেনে নেওয়া হোক।’

আন্দোলনরত আরেক শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রাস্তা মেরামতসহ নানা রকম দাবি জানালেও সেটা পূরণ করা হয়নি। ববির ইতিহাস হলো, রক্তপাত না হওয়া পর্যন্ত কোনো কিছু হয় না। আমি বলতে চাই, আহত শিক্ষার্থীর সব ব্যয় প্রশাসনকে বহন করতে হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সব দাবি-দাওয়া বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন যত দ্রুত সম্ভব মেনে নেবে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করব এবং কীভাবে দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, মহাসড়ক অবরোধের ফলে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

সংবাদটি শেয়ার করুন....