গ্যাস ও বিদ্যুৎ সংকট: শিক্ষার্থীরা হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ
আগস্ট ০৩ ২০২৬, ২০:৫৯
দেশে চলমান তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদ এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় ‘জাতীয় ছাত্রশক্তি’-এর উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের নাগরিক জীবনে একের পর এক সমস্যা বেড়েই চলছে, যার কোনো সমাধান মিলছে না। একদিকে তীব্র গ্যাস সংকট, অন্যদিকে দেশজুড়ে অস্বাভাবিকভাবে বাড়ছে বিদ্যুৎ বিল। বিশেষ করে জুন ও জুলাই মাসের বিদ্যুৎ বিল স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি এসেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ ব্যবহার না বাড়লেও কিংবা দীর্ঘ সময় লোডশেডিং থাকলেও লাগামহীনভাবে বিল পাঠানো হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় দৈনিক ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এমনকি গভীর রাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এর পাশাপাশি পাম্পগুলোতে গ্যাস মিলছে না, অথচ আবার মূল্যবৃদ্ধির পাঁয়তারা করা হচ্ছে।
একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির তীব্র সমালোচনা করেন আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে জনগণের সব সমস্যার সমাধান হবে এবং দ্রব্যমূল্য সহনশীল থাকবে বলে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু বর্তমানে ১ ঘণ্টা বিদ্যুৎ থাকলে ২ ঘণ্টা লোডশেডিং পোহাতে হচ্ছে।
জনদুর্ভোগ লাঘবে এবং জনগণের কল্যাণে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
