হঠাৎ গ্যাস বন্ধ, চরম ভোগান্তি

আগস্ট ০৩ ২০২৬, ১২:২২

আমার বরিশাল ডেস্ক,

কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ফেনী শহর ও আশপাশের এলাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহক, হোটেল ব্যবসায়ী এবং সিএনজি অটোরিকশাচালকরা।

রোববার (২ আগস্ট) বিকেল থেকে জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার পর একপর্যায়ে সরবরাহ বন্ধ হয়ে যায়।
এতে রান্না-বান্না, হোটেল পরিচালনা এবং সিএনজিচালিত যানবাহন চলাচল ব্যাহত হয়।

ফেনী শহরের ডাক্তারপাড়ার বাসিন্দা আসমা আক্তার জানান, বিকেল ৩টার দিকে রান্নার জন্য চুলা জ্বালাতে গিয়ে দেখেন গ্যাস নেই।
হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তিনি বিপাকে পড়েন।

ট্রাঙ্ক রোডের নবী হোটেলের পরিচালক মেজবাহ কামাল বলেন, হোটেলে থাকা খাবার নির্ধারিত সময়ের আগেই বিক্রি করে দিতে হয়েছে।
কারণ, গ্যাস না থাকায় নতুন করে রান্না করা সম্ভব হয়নি।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে অটোরিকশা চলাচলেও।
বিকেল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্ট্যান্ডে গাড়ির সংকট দেখা দেয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক যাত্রী যানবাহন না পেয়ে হেঁটে কিংবা অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন।

সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ধূমসাদ্দা এলাকার অটোরিকশাচালক নুর মোহাম্মদ বলেন, সিএনজি স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পর গ্যাস না পেয়ে খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে। অনেক চালক গাড়ি বন্ধ রেখেছেন।

স্থানীয়দের অভিযোগ, ফেনী শহরের মাস্টারপাড়া, সহদেবপুর, পেট্রোবাংলা, তুলাবাড়িয়া, চেওরিয়া, কালিপাল, ধর্মপুর, আমিনবাজার, বরৈয়া, মাথিয়ারা, মোল্লাঘাটা, বারাহীগুনীসহ বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাসের সংকট চলছে। গত দুই মাসে কয়েক দফা নোটিশ দিয়ে সরবরাহ বন্ধ করা হলেও সাম্প্রতিক সময়ে একাধিকবার কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

ফেনী স্টার লাইন সিএনজি স্টেশনের পরিচালক মাইন উদ্দিন বলেন, গ্যাসের চাপ না থাকায় যানবাহনে গ্যাস সরবরাহ কার্যত বন্ধ রয়েছে।

এ বিষয়ে ফেনী বাখরাবাদ গ্যাস অফিসের ব্যবস্থাপক কিরণ চন্দ্র রায় বলেন, কেন্দ্রীয়ভাবে গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের মহাব্যবস্থাপক জাহিদ রেজা জানান, রাজধানীতে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় সেখানে সরবরাহ বাড়াতে কয়েকটি জেলায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ কমানো হয়েছে। পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন....