২২ বছর পরও বিএনপি  নেতা মিন্টুকে ভোলেননি প্রধানমন্ত্রী

জুলাই ১৪ ২০২৬, ২২:০৫

আমার বরিশাল ডেস্ক,

গৌরনদী প্রতিনিধি ॥  প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশালের গৌরনদী সফরে এসেছিলেন সোমবার (১৩ জুলাই)। এদিন সকাল দশটায় তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাটাজোর-সরিকল পূন:খননকৃত খালের পাশে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠানস্থলে উপস্থিত উপজেলা ও পৌর বিএনপি’র সিনিয়র নেতাদের সঙ্গে করমর্দন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের সময় নিজেদের পরিচয় প্রদান করতে দেখা যায় উপস্থিত নেতাদের। প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের সময় গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু তার নিজের পরিচয় প্রদান করলে তাকে চিনে ফেলেন প্রধানমন্ত্রী। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বরিশাল জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু বলেন, আমাদের বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আমন্ত্রণে ১৩ জুলাই গৌরনদীতে বৃক্ষরোপন কর্মসূচী ও ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন প্রধানমন্ত্রী।

ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচীর অনুষ্ঠানস্থলে আমি সহ উপজেলা ও পৌর বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশের পর আমাদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের সময় আমি আমার পরিচয় প্রদান করি। এসময় প্রধানমন্ত্রী তার এক হাত আমার কাধে দেন এবং আমাকে চিনে ফেলেন।

বদিউজ্জামান মিন্টু আরও বলেন, ২০০৩ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা গৌরনদী উপজেলার কুতুবপুর স্বনির্ভর খাল পূন:খনন কর্মসূচীর উদ্বোধন করেছিলেন তৎকালীণ বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

উদ্বোধনের সময় গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক হিসেবে আমি তার পাশেই ছিলাম। দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান হিসেবে গৌরনদীতে এসেছেন তিনি। এই ২২ বছরও তিনি যে আমাকে চিনতে পারবেন এটা আমি কল্পনাও করতে পারিনি। দীর্ঘ বছর পরও তিনি যে আমাকে চিনতে পেরেছেন এজন্য আমি কৃতজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন....