আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী ‍॥অপেক্ষায় দক্ষিণাঞ্চলবাসী

জুলাই ১২ ২০২৬, ২০:১৮

আমার বরিশাল ডেস্ক,

আরিফ হোসেন ॥ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। জেলা ও মহানগরজুড়ে শেষ হয়েছে ব্যাপক প্রস্তুতি, স্বাগত র‌্যালি, সাংগঠনিক সভা ও বিভিন্ন কর্মসূচি। তাই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সফরকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশী দক্ষিণাঞ্চলবাসীর নজর এখন প্রধানমন্ত্রীর এ সফরের দিকে।

জাতীয় নির্বাচনের আগে বরিশালের নির্বাচনী জনসভায় তারেক রহমান দক্ষিণাঞ্চলের খাল পুনঃখনন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে এবারের সফরে বরিশালে খাল পুনঃখনন কর্মসূচি ও বৃক্ষরোপণ কার্যক্রম আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বরিশাল নগরী থেকে শুরু করে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যন্ত সাজসাজ রব বিরাজ করছে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে আনন্দ মিছিল, স্বাগত র‌্যালি এবং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেন। একই সঙ্গে নগরীর সার্কিট হাউস, জেলা শিল্পকলা একাডেমি, প্রধান সড়ক এবং সফরসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হয়েছে।

সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের গতি বাড়বে। বিশেষ করে নদী ও খাল পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন, নৌপথের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে নতুন উদ্যোগ গ্রহণের প্রত্যাশা করছেন তারা।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন শিকদার বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বরিশালের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের কার্যক্রম শুরু হচ্ছে। দক্ষিণাঞ্চলের উন্নয়নে আরও নতুন প্রকল্প গ্রহণ করা হবে বলে আমরা আশাবাদী।”

বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর। বরিশালবাসী তাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা আশা করছি, এ সফরে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প—ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, বরিশালে রেল সংযোগ এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণের মতো বিষয়ে ইতিবাচক অগ্রগতি বা দিকনির্দেশনা পাওয়া যাবে।”

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।”

বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সফরের সব আনুষ্ঠানিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সকালে সড়কপথে বরিশালে পৌঁছে গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে বরিশাল নগরীতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে একটি সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দক্ষিণাঞ্চল সফর রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, খাল পুনরুদ্ধার, সড়ক ও নৌ-যোগাযোগের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন এ অঞ্চলের মানুষ। ফলে আজকের সফর ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের দৃষ্টি নিবদ্ধ রয়েছে প্রধানমন্ত্রীর কর্মসূচি ও সম্ভাব্য ঘোষণার দিকে। দক্ষিণাঞ্চলবাসী তাদের দাবিসহ উন্নয়নমূলক বহু কাজের প্রত্যাশা করেন প্রধানমন্ত্রীর কাছে।

সংবাদটি শেয়ার করুন....