প্রধানমন্ত্রীকে টেলিফোনে সালাম জানালেন বিএনপির তৃণমূলের নেতারা

জুলাই ১১ ২০২৬, ১৩:০৭

আমার বরিশাল ডেস্ক,

বরিশাল : আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

সরকারের মন্ত্রী, দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সফল করতে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১০ জুলাই) রাত আটটায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি। সভার একপর্যায়ে প্রধানমন্ত্রীর সাথে তথ্যমন্ত্রীর টেলিফোনে কথা বলার সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিফোনের অপরপ্রান্ত থেকে সালাম গ্রহন করেন এবং কর্মীসভায় উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে আগামী ১৩ জুলাই গৌরনদী সফরকালে নেতাকর্মীদের সাথে সাক্ষাতের কথা বলেন।

কর্মীসভায় গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন সহ অন্যান্যরা।

উল্লেখ্য, আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করতে গৌরনদীসহ বরিশাল সফরে আসছেন। সফরকে সফল করতে জেলা, উপজেলা ও বিভাগীয় প্রশাসন এবং বিএনপির জেলা, উপজেলা ও বিভাগীয় নেতাদের সাথে দফায় দফায় সভা করছেন জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

সংবাদটি শেয়ার করুন....