প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে জোরদার প্রস্তুতি চলছে। সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বৃহস্পতিবার দিনব্যাপী একাধিক প্রস্তুতিমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৃহস্প্রতিবার (৯ জুলাই) সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধানমন্ত্রীর সফরসূচি, সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা, যানবাহন চলাচল, জনসমাগম ব্যবস্থাপনা এবং সামগ্রিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা প্রশাসক মামুন খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
প্রস্তুতিমূলক সভা শেষে প্রধানমন্ত্রীর নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী সম্ভাব্য কর্মসূচিস্থল পরিদর্শন করেন এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন। এ-সময় তিনি কর্মসূচির স্থান নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল, সার্বিক ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক প্রস্তুতির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর বরিশাল সফর এবং বৃক্ষরোপণ কর্মসূচি যেন সুষ্ঠু, নিরাপদ ও সফলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে।
এ-সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে নগরীর বিভিন্ন স্থানে প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিশেষ করে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিকে সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ উপলক্ষে প্রশাসন ও সংশ্লিষ্ট সকল পক্ষ সমন্বিতভাবে কাজ করছে, যাতে পুরো সফর নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
