বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আব্দুল হান্নান।
সাময়িক বরখাস্ত হওয়া তিন পুলিশ সদস্য হলেন- কনস্টেবল মারুফ হাসান, জয়দেব কুমার মজুমদার এবং সজীব মিয়া। তাঁরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখায় কর্মরত ছিলেন।
এ সংক্রান্ত জারি করা অফিস আদেশে বলা হয়েছে, ভুয়া বিল তৈরি করে মোট ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, অর্থ আত্মসাতের উদ্দেশ্যে তাঁরা অন্য এক কর্মকর্তার আইডি ব্যবহার করেছেন বলেও প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, তাঁদের এই কর্মকাণ্ড বিভাগীয় শৃঙ্খলা ও চাকরিবিধির পরিপন্থী হওয়ায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার আব্দুল হান্নান বলেন, ‘অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পুলিশ সূত্র জানিয়েছে, তদন্তের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রকৃত ঘটনা, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং সরকারি অর্থের ক্ষতির পরিমাণ বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
