গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ আহত ৭

জুলাই ০৪ ২০২৬, ১৪:১৬

আমার বরিশাল ডেস্ক,

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে মহাসড়কের বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ‘আলিফ পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং বাসের বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে ছুটে যায়। আমরা বাস ও ট্রাকের ভেতর থেকে আহত অবস্থায় পাঁচজন পুরুষ ও দুইজন নারীকে উদ্ধার করতে সক্ষম হই। উদ্বার পর্ব শেষে তাৎক্ষণিকভাবে তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

চিকিৎসাধীন এই আহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে সাময়িকভাবে যানচলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় তা দ্রুত স্বাভাবিক হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে বর্তমানে পুলিশ হেফাজতে জব্দ রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....