বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

জুন ২৮ ২০২৬, ১৬:১৬

আমার বরিশাল ডেস্ক,

শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নগরীতে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকালে নগরীর পলাশপুর এলাকার আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম এবং বরিশালের সিভিল সার্জন ডা. এস. এম. মঞ্জুর-এ-এলাহী। সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী।

উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ভিটামিন ‘এ’ শুধু একটি পুষ্টি উপাদান নয়, এটি একটি শিশুর সুস্থ জীবন গঠনের অন্যতম ভিত্তি। এ ভিটামিন শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো শিশুই যেন এ কর্মসূচির আওতার বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি। জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, ইমাম, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি শিশুর কাছে এই সেবা পৌঁছে দিতে হবে। একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে এ কর্মসূচির সফল বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে বরিশাল সিটি করপোরেশন এলাকায় ২৩৪টি কেন্দ্রের মাধ্যমে মোট ৫৮ হাজার ৭১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৯৫০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৭৬০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।

ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য নগরজুড়ে ২২০টি অস্থায়ী এবং ১৪টি স্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....