বরিশালে মাঠে ছিল বিএনপি, ‘ঝোপঝাড়ে’ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী
জুন ২৩ ২০২৬, ২১:২৮
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মঙ্গলবার (২৩ জুন) বরিশালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা ও টহল দেখা গেছে। পাশাপাশি শহরজুড়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থান ও শোডাউন লক্ষ্য করা গেছে। রাজপথে আওয়ামী লীগের কোনো প্রকাশ্য কর্মসূচি না থাকলেও জেলার কিছু জায়গায় ঝোপঝাড় ও বাড়ির আঙিনায় গোপনে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবর পাওয়া গেছে।
সকাল থেকে বরিশাল শহরের সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিএনপির দলীয় কার্যালয়ের পাশে অবস্থান নেন জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার নেতাকর্মীদের নিয়ে রূপাতলীসহ শহরের বিভিন্ন পয়েন্টে শোডাউন করেন। এ সময় তিনি নাশকতার আশঙ্কায় নগরীর ৩০টি ওয়ার্ডে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
বিএনপির এই অবস্থান ও প্রশাসনের নজরদারির কারণে বরিশালের রাজপথে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো মিটিং বা মিছিল দেখা যায়নি। তবে জেলার বিভিন্ন উপজেলায় গোপনে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, গৌরনদী-আগৈলঝাড়া এলাকায় বাড়ির আঙিনায় ঝোপঝাড়ের ভেতরে সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ ও আশিক আবদুল্লাহর ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে কেক কাটছেন কিছু নেতাকর্মী।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারীদেরও একইভাবে ছোট পরিসরে ঘরোয়াভাবে দিবসটি পালন করতে দেখা গেছে। তবে শহরের মূল কেন্দ্রগুলোতে দিনভর প্রশাসনের কড়া নজরদারি ও বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।

