কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে নিরাপত্তা জোরদার

জুন ২২ ২০২৬, ২১:০১

আমার বরিশাল ডেস্ক,

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতা এড়াতে বরিশাল মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে বিশেষ অভিযান।

সোমবার (২২ জুন) সকালে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা পরিদর্শনে যান বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ। এ সময় তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বলেন, ‘‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলছে। কোনো চক্র যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি কিংবা কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নিয়েছি।’’

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতার বিবরণ দিয়ে তিনি আরও জানান, মহানগরীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্ট্রাইকিং ফোর্স ও পিকেটিং টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ রিজার্ভ রাখা হয়েছে। জনগণের যেন কোনো ধরনের অসুবিধা বা ভোগান্তি না হয়, সে বিষয়টি মাথায় রেখেই পুরো নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।

পরিদর্শনকালে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের অভ্যন্তরীণ পরিবেশ ও অবকাঠামো পর্যবেক্ষণ করেন পুলিশ কমিশনার। যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত সময়ের মধ্যে এই বাসস্ট্যান্ডের প্রয়োজনীয় সংস্কার কাজ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

বিএমপি কমিশনারের এই পরিদর্শনকালে বরিশাল বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন....