শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরিশাল জেলা ইউনিটের উদ্যোগে বরিশাল জেলা আইনজীবী সমিতির অ্যানেক্স ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরিশাল জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের উন্নয়নে তার ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা শেষে মরহুম রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় বরিশাল জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীবৃন্দ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সদস্য উপস্থিত ছিলেন।
