ভোলায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার
জুন ২১ ২০২৬, ১৭:২৩
ভোলার চরফ্যাশনে কালা মিয়া (৮০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) সকালে উপজেলার বন বিভাগের অফিসের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত কালা মিয়া চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত সৈয়দ তালুকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াতেন কালা মিয়া। তিনি দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করছিলেন। উপজেলা বন বিভাগের মসজিদের ঘুরে বেড়াতেন তিনি। পুলিশ ধারণা করছে, শৌচাগারের জন্য ফরেস্ট অফিসের পুকুরের কাছে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এবং লাশের সুরতাহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠান।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
