ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পটুয়াখালীতে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করিয়েছেন আর্জেন্টিনা সমর্থক কাজী রাফি।
জানা গেছে, পটুয়াখালী শহরের কাজি পাড়া এলাকার বাসিন্দা কাজী রাফি (ওরফে কট রাফি), যিনি নিজেকে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে পরিচয় দেন,
গতকাল ফেসবুক লাইভে ঘোষণা দেন ব্রাজিল যদি হাইতির বিপক্ষে ম্যাচে জয়লাভ করে, তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন।
শনিবারের সকালের অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে হারিয়ে জয় পায় ব্রাজিল। এরপর পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় আসেন। সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের মধ্যেই তার মাথা ন্যাড়া করা হয়।
এ সময় ঘটনাটি ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টি উপভোগ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।
মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, “আমি কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করে দেব। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি।”
স্থানীয়রা জানান, ফুটবলকে ঘিরে এমন ব্যতিক্রমী ঘটনা এলাকায় আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে। প্রিয় দলের প্রতি সমর্থন এবং বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবেই ঘটনাটি দেখছেন তারা।
