পিরোজপুরে ভুয়া ডাক্তারের ৩ মাসের কারাদণ্ড

জুন ১৬ ২০২৬, ২২:৫৯

আমার বরিশাল ডেস্ক,

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজা বাজারে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপু‌রে (১৬ জুন) উপজেলার শাপলেজা বাজারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাপলা ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বরগুনা জেলার ফুলঝুরি এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু হুরায়রা চিকিৎসক পরিচয়ে অবৈধভাবে চিকিৎসা সেবা দীর্ঘদিন দিয়ে আসছিলেন। এ সময় তার প্রয়োজনীয় নিবন্ধন ও বৈধ কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়। একই সঙ্গে তার সহযোগী হিসেবে দায়িত্বরত শাপলেজা এলাকার মো. মনিরুল ইসলামকেও আটক করা হয়। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ (২) ধারা অনুযায়ী উভয়কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সাধারণ মানুষকে চিকিৎসা নেওয়ার আগে সংশ্লিষ্ট চিকিৎসকের নিবন্ধন ও যোগ্যতা যাচাই করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন....