মির্জাগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী সোহাগ গ্রেফতার

জুন ১৫ ২০২৬, ০০:১৮

আমার বরিশাল ডেস্ক,

স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার চাঁদাবাজ, পর্ণগ্রাফি ও একাধিক মাদক মামলা আসামি সন্ত্রাসী সোহাগ মৃধা (৩৫) গ্রেফতার। রোববার (১৪ জুন) সকাল ১১টায় মহিষকাটা বাজার থেকে উপ-পরিদর্শক (এসআই) অনুপ দাস আসামি সোহাগকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান। সোহাগ উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেন মৃধার ছেলে।

জানা গেছে, সোহাগ মৃধার বিরুদ্ধে মারামারি, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, মাদক এবং চুরিসহ একাধিক মামলা রয়েছে। ১০ জুন বিকেল সাড়ে চারটায় উত্তর ঝাটিবুনিয়া গ্রামের চার মাসের অন্তঃসত্ত্বা নারী মাহিনুর ও তার ভাই শাহরিয়ার আহমেদকে বেদম মারধর করেছে। এ হামলায় অন্তঃসত্ত্বা মাহিনুর বেগমের রক্তপাত (ব্লিডিং) শুরু হয় এবং পেটে থাকা সন্তান গর্ভপাত হয়। সংকটাপন্ন অবস্থায় মাহিনুর বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। হামলার ঘটনায় ১১ জুন শাহরিয়ার আহমেদের স্ত্রী সারমিন সুলতানা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় মামলা (নং-৮/২৬) দায়ের করেন।

দায়েরকৃত মামলার অন্য আসামিরা হলেন, মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের আনেচ সিকদারের ছেলে সাদ্দাম সিকদার (৩৫) ও মৃত ছন্দু হাওলাদারের ছেলে সানোয়ার হাওলাদার (৩৫) সহ অজ্ঞাতনামা ৮/১০ জন।

মির্জাগঞ্জ থানার পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। চিকিৎসাধীন মাহিনুর বেগম বলেন, গর্ভের সন্তান হত্যার বিচার চাই।

উল্লেখ্য, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গোরু উপহার দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসে মো. সোহাগ মৃধা (৩৫)। যদিও তার গোরু দলের কেউই নেয়নি। সেই থেকে এলাকাজুড়ে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে আসছিল সোহাগ।

সংবাদটি শেয়ার করুন....