সৌর বাতি বিকল, ভোগান্তি চরমে

মে ২৫ ২০২৬, ০১:৫৩

আমার বরিশাল ডেস্ক,

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগর উপজেলার বিভিন্ন সড়কে স্থাপিত সৌর বিদ্যুৎচালিত সড়কবাতির অধিকাংশই বর্তমানে বিকল হয়ে পড়েছে। এতে সন্ধ্যার পর থেকেই অন্ধকারে নিমজ্জিত হচ্ছে গুরুত্বপূর্ণ সড়কগুলো, ফলে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে স্থাপিত এসব সোলার স্ট্রিট লাইট প্রথমদিকে ঠিকমতো কাজ করলেও বর্তমানে বেশিরভাগই অকার্যকর হয়ে গেছে। বিশেষ করে বাজার, স্কুল, মসজিদ ও গুরুত্বপূর্ণ মোড়সংলগ্ন এলাকাগুলোতে আলো না থাকায় রাতের বেলায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে এসব সড়কবাতির কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি। ফলে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়া, সোলার প্যানেলে ময়লা জমা ও যান্ত্রিক ত্রুটির কারণে একের পর এক বাতি ও ব্যাটারি বিকল রয়েছে।

দুর্যোগ ও ত্রাণ অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সৌর বিদ্যুৎচালিত সড়কবাতি ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত একটি প্রকল্পের আওতায় স্থাপন করা হয়। এই উপজেলায় মোট ২৯৫টি সৌর বিদ্যুৎচালিত সড়কবাতি স্থাপন করা হয়েছিল।

একজন বাসিন্দা রমজান আলী জানান, “রাতে সড়কে বের হলে কিছুই দেখা যায় না। এতে দুর্ঘটনার আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি চুরি-ছিনতাইয়ের ভয়ও রয়েছে।”

ইন্দুরকানী সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন জানান, “আমাদের ইউনিয়নে যে কয়টি যান্ত্রিক ত্রুটি/সমস্যা হয়েছে, আমি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে অবহিত করেছি। তবে বরাদ্দ পেলে মেরামত করা হবে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, “এই সৌরবাতিগুলো একটি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে স্থাপন করা হতো। কিন্তু এই প্রকল্প এখন না থাকায় আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। যেগুলো সড়কবাতির যান্ত্রিক ত্রুটি হয়েছে, সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বর্তমানে কোনো বাজেট না থাকায় সংস্কার বা মেরামত করা সম্ভব নয়, তবে বাজেট পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান জানান, “আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন....