মেঘনা নদী থেকে ১৯ জেলে আটক, জরিমানা

এপ্রিল ০৬ ২০২৬, ২১:৩৫

আমার বরিশাল ডেস্ক,

বরিশাল  ‍॥ জাটকা নিধন বন্ধে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশালের হিজলা মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৯ জন জেলেকে আটক হয়েছে। পাশাপাশি ৯৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ ‍এপ্রিল) সন্ধ্যায় হিজলা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

পরে হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা আদায়ের পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় কারেন্ট জাল ব্যবহার করে জাটকা শিকার করছিলেন তারা। এ সময় হাতেনাতে ১৯ জন জেলেকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জাটকা সংরক্ষণে সরকার নির্ধারিত সময়ের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।‍

 

সংবাদটি শেয়ার করুন....