অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
মার্চ ০৯ ২০২৬, ২২:১২
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ ইলিশের পোনা তথা জাটকা ধরা কিংবা বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা থাকলেও বরিশালের গৌরনদীতে যেন এ নিয়মের বালাই নেই। এ উপজেলার একমাত্র আড়িয়াল খাঁ নদীর মিয়ারচরের মোহনায় প্রতিনিয়ত চলছে জাটকা নিধন। এছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজারে অসাধু বিক্রেতারা জাটকা বিক্রি করে আসলেও দেখার যেন কেউ নেই।
স্থানীয়দের অভিযোগ এক শ্রেনীর অসাধু জেলে অবৈধ কারেন্ট জাল দিয়ে দীর্ঘদিন যাবত ইলিশের পোনা তথা জাটকা নিধনে লিপ্ত রয়েছে। নদী থেকে আহরণ করা জাটকা স্থানীয় মিয়ারচর ও হোসনাবাদসহ আশপাশের বাজারে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে।
সরেজমিন সোমবার গৌরনদী বাসষ্ট্যান্ডের জিরো পয়েন্টে দেখা গেছে, চাপিলা মাছ বলে ক্রেতাদের কাছে প্রকাশ্যে ইলিশের পোনা বিক্রি শুরু করে এক ব্যবসায়ী। এসময় পোনাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এগুলো বরিশাল শহর থেকে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। তবে স্থানীয় একটি সূত্র বলছে, আশপাশের উপজেলা থেকে রাতের আধারে জাটকা পাচার হয়ে স্থানীয় মৎস্য আড়তগুলোতে পৌঁছে যায়। আর ভোরের আলো ফোটার আগেই পাইকারদের কাছে বিক্রি করে দেয় আড়ত মালিকরা। জাটকা ক্রয়-বিক্রয় বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ বলেন, জাটকা নিধন রোধে নদীতে অভিযান পরিচালনার পাশাপাশি, বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
