বরিশালে স্বনির্ভর খাল পরিদর্শনে আইএমইডি পরিচালক
ফেব্রুয়ারি ২৬ ২০২৬, ২২:৫৭
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খননকৃত স্বনির্ভর খালের পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর পরিচালক আবু সাঈদ মো. ফজলে এলাহী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে তিনি খালটির চলমান পুনঃখনন কার্যক্রম এবং সংশ্লিষ্ট বক্স কালভার্ট নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, সহকারী প্রকৌশলী আতায়ে রাব্বী ও বিশ্বজিৎ কুমার এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ।
পরিদর্শনকালে কর্মকর্তারা খালের পুনঃখনন ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন এবং কাজের মান ও অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন খালটি ভরাট ও অকার্যকর অবস্থায় থাকায় আশপাশের বিস্তীর্ণ তিন হাজার একর কৃষিজমি সেচ সুবিধা থেকে বঞ্চিত ছিল। ফলে বহু জমি আংশিক বা সম্পূর্ণ অনাবাদি হয়ে পড়ে। পুনঃখনন ও বক্স কালভার্ট নির্মাণের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় কৃষকরা আবারও সেচ সুবিধা পাচ্ছেন।
বর্তমানে খালের আশেপাশের জমিতে ইরি-বোরো ধান চাষ করা হচ্ছে। পানি সরবরাহ নিশ্চিত হওয়ায় কৃষকদের মাঝে চাষাবাদ নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়েছে। স্থানীয় কৃষকেরা জানান, নিয়মিত সেচ সুবিধা অব্যাহত থাকলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং তাদের আর্থিক অবস্থারও উন্নতি ঘটবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খাল পুনঃখননের উদ্দেশ্য হলো পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা, যাতে কৃষি উৎপাদন বাড়ে এবং জমি অনাবাদি না থাকে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, সময়োপযোগী রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে খালটি দীর্ঘমেয়াদে কৃষি ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
