একের পর এক আওয়ামী নেতৃবৃন্দের জামিনে মুক্তি সন্দেহ ও উদ্বেগজনক
ফেব্রুয়ারি ২৫ ২০২৬, ২১:১৬
গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ এক যৌথ বিবৃতিতে গত কয়েকদিনে একাধিক আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের জামিনে মুক্তির বিষয়ে সন্দেহ ও উদ্বেগ প্রকাশ করেছেন। একই সাথে আদলতে মব সৃষ্টি করে হামলা ভাংচুরের নিন্দা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ২০২৪ এর ছাত্র- জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নেয়া স্বৈরাচার আওয়ামী লীগের বরিশাল জেলার সম্মুখ সারির নেতাদের মধ্যে উল্লেখযোগ্য আসামি যারা বরিশালে ছাত্র জনতার আন্দোলনে নিপিড়নের খড়গ হস্তে নেতৃত্ব দিয়েছিল এবং যাদের নামে জামিন অযোগ্য বিভিন্ন মামলা রয়েছে তাদের কেউ কেউ জামিনে মুক্তি পেয়েছে। এই ঘটনা জুলাই আন্দোলনের শহীদ, আহত ও লড়াইয়ে অংশ নেয়া সকলের জন্য উদ্বেগজনক, ভীতিকর ও জুলাই আকাঙ্খা বিরোধী। জুলাই আন্দোলন হচ্ছে আমাদের ন্যায্যতার ভিত্তি। তাই জুলাই আগষ্টের গণহত্যার ন্যায্য বিচার আমাদের কর্তব্য। এক্ষেত্রে আদালতের গড়িমসি ও কোন প্রকারের ষড়যন্ত্র ছাত্র-শ্রমিক-জনতা মেনে নিবে না৷
একই সাথে এই ঘটনাকে কেন্দ্র করে মহামান্য আদলতে কতিপয় ব্যাক্তিবর্গের মব সৃষ্টির প্রচেষ্টা ও ভাঙচুর আমাদের জন্য অশনিসংকেত। মুক্তিযুদ্ধের গণ আকাঙ্খা তথা সাম্য, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমাদের বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে৷ যারা আদালতে হামলা করেছে তারা বিচার বিভাগের মর্যাদা ক্ষুন্ন করেছে। আদালতে হামলার সাথে সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনতে হবে। বিক্ষোভ প্রদর্শনে সর্বদা গণতান্ত্রিক পন্থা অনুসরণ কাম্য।’
এসময় নেতৃবৃন্দ বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
