রোজার মধ্যেই সংসদ অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ২১ ২০২৬, ২৩:৫২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী ১২ মার্চ অথবা এর দু-একদিন আগে। শনিবার রাতে সংবাদমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। এর আগে দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। শনিবার প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটি তার তৃতীয় কর্মদিবস। এর আগে দুই দিন বাংলাদেশ সচিবালয়ে তিনি অফিস করেন। মন্ত্রীদের সঙ্গে বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতির অনেক বিষয় নিয়ে আলোচনা করেন এবং সিদ্ধান্ত নেন মন্ত্রিসভা।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। এই অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।

বৈঠকে ঈদের আগেই খতিব-ইমাম-মুয়াজ্জিমদের সন্মানি প্রদানের কার্যক্রম পর্যায়ক্রমে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভা বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন বলেন, বৈঠকে আমাদের নির্বাচনি প্রতিশ্রুতির কয়েকটি নিয়ে আলোচনা হয়েছে। এর একটি নির্বাচনি প্রতিশ্রুতি ছিলো- বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেই সব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিলো যে, মাসিক সন্মানি ও উৎসব ভাতা প্রদান করা হবে। তিনি বলেন, ঈদের আগেই পর্যায়ক্রমে প্রস্তুতি শেষ করে কিছু কিছু জায়গায় খতিব, ইমাম, মুয়াজ্জিনদের একটি সন্মানি প্রদান করা হবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঈদের আগে বেশ কিছু জায়গায় এই কার্যক্রম শুরু হবে।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়ার পাশাপাশি বিএনপির একটি বড় নির্বাচনি প্রতিশ্রুতি ছিলো, দেশে মেধার ভিত্তিতে বৈষম্যহীনভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করবো। সেটা সরকারি চাকুরির ক্ষেত্রে, বেসরকারি চাকুরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে এবং বর্হিবিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে। এসব জায়গায় আমরা আরও দক্ষ ও যোগ্য জনশক্তি কিভাবে গড়ে তুলতে পারি, শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার কিভাবে আনবো এবং তার মাধ্যমে জনশক্তিকে কিভাবে কর্মক্ষম করে দ্রুততার সাথে চাকুরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারবো- সেটা নিয়েও কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, এজন্য টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনকে প্রাধান্য দেবো আমরা। বিদেশে যেসব দূতাবাস রয়েছে এবং বাংলাদেশে যেসব দূতাবাস রয়েছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে জনশক্তিকে আরও দক্ষ ও যোগ্য করে বিদেশে পাঠানো যায় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট যেসব মন্ত্রীবর্গ রয়েছেন, সচিববর্গ রয়েছেন তারা তাদের মতামত দিয়েছেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে জনগণের জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, জনগণের সরকার বাস্তবায়ন শুরু হবে।

বৈঠকের আগে সকাল সোয়া দশটার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে ঢোকার আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরোনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন।

কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন। তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাকটিকিট উন্মোচন
তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ ডাকটিকিট উন্মোচন করেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শনিবার তেজগাঁও কার্যালয়ে তারেক রহমানের প্রথম অফিসে আসা এবং দিনের কর্মসূচিগুলোও তুলে ধরেন উপদেষ্টা।
এ সময়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....