কাঠালিয়ায় যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক দুই
জানুয়ারি ২৭ ২০২৬, ১৩:১৭
ঝালকাঠির কাঠালিয়ায় যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ মো. তাইজুল ইসলাম ও সোহেল আকন নামের দুই যুবককে আটক করা হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দোগানা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে বাহিনীর সদস্যরা।
আটককৃত মো. তাইজুল ইসলাম উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের মো. নবীর ছেলে ও সোহেল আকন একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর ও ক্যাপ্টেন মো. জোনায়েদুল ইসলাম অনিকের নেতৃত্বে যৌথবাহিনী সোমবার রাত ১১টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা ও দোগনা বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. তাইজুল ইসলাম ও সোহেল আকন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
এসময় তারা ৯০পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, দুই বোতল ফেনসিডিল, ৬টি দেশীয় অস্ত্র, ইয়াবা সেবনের সামগ্রীসহ আইডি কার্ড, এটিএম কার্ড, নগদ টাকা ও ৪টি মোবাইল ফোনও উদ্ধার করেন। পরে আটকৃতদের কাঠালিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
