ভোলায় হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি আটক
জানুয়ারি ২৫ ২০২৬, ২৩:২০
ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ মো. সেন্টু (৬৩) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. আবুল কাশেম।
আটককৃত সেন্টু দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আবুল কাশেমের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাতে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে সেন্টুকে আটক করা হয়। এ সময় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ২১৩ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ৩৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৩২ হাজার ৩০০ টাকা।
পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্যসহ আটককৃত মাদক কারবারিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
