সরিষা চাষে পাল্টে যাচ্ছে কৃষকদের ভাগ্য
জানুয়ারি ১৬ ২০২৬, ১৮:১২
আরিফ হোসেন ॥ চার দিকে ‘ধান নদী খাল, এই নিয়ে বরিশাল’। এই প্রাচীন জনপদের মাটিতে আগে একফসলি জমি হিসেবে কৃষকরা ব্যবহার করতো। এখানে কৃষরা বেশির ভাগই ধান চাষ করতেন। আর সেই একফসলি জমিতে কৃষকরা ঝুঁকছেন সরিষা চাষে।
পরিত্যাক্ত একফসলির জমিতে এখন মৌ মৌ গন্ধে আর হলুদ ফুলের নান্দনিকতায় পুরো গ্রাম এখন প্রকৃতির এক অপূর্ব রূপে নিয়েছে। এই চিত্রটি দূরে কোথাও নয়, এটি বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদের নদীর তীর প্রান্তে তাকালেই চোখে পড়ে বিস্তীর্ণ সরিষা ক্ষেত।
দিগন্তজোড়া হলুদ ফুলের সমাহার যেন এক প্রাকৃতিক গালিচা। সরিষার ফুলে ফুলে ভরে ওঠা মাঠ দেখতে প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা ভিড় করছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে আসছেন এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে।
কৃষকরা জানিয়েছেন, আগে আমনের চাষের পর জমিগুলো পতিত পড়ে থাকত। তিন বছর ধরে সেই একফসলি জমিতে সরিষা চাষের আওতায় এনে তারা স্বল্প পরিশ্রম ও কম খরচে ভালো ফলন পাচ্ছেন। এতে একদিকে জমির সঠিক ব্যবহার নিশ্চিত হয়েছে, অন্যদিকে কৃষকদের আয় বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
কৃষি কর্মকর্তার অনুপ্রেরণা এবং দিকনির্দেশনা ও মাঠপর্যায়ের নিয়মিত পরামর্শে কৃষকরা সরিষা চাষে উদ্বুদ্ধ হচ্ছে দিন দিন। সদর উপজেলার কৃষি কর্মকর্তা বলছেন, ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সরিষা আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। গতবছরের চেয়ে এবছর সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। কৃষকদের সরিষা বীজ এবং সার বিনা মূল্যে সহ সব ধরনের সহযোগীতা করছেন তারা।
