নিয়োগ পরীক্ষার হল থেকে মোবাইলসহ নারী আটক

জানুয়ারি ১০ ২০২৬, ১৭:০৪

আমার বরিশাল ডেস্ক,

বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস (স্মার্টফোন) ব্যবহার করার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বরিশাল সরকারি বিএম কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক ওই নারীর নাম লুনা (৩১)। তিনি বরিশাল মহানগরীর সিঅ্যান্ডবি রোড এলাকার বাসিন্দা বাবুল আক্তারের মেয়ে।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, পরীক্ষা চলাকালীন লুনার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ‘অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্র‍িয়া চলছে।’

সংবাদটি শেয়ার করুন....