বরিশালে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন
ডিসেম্বর ১৬ ২০২৫, ২১:৩৯
বরিশাল ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে তিন দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে নগরীর বেলস্ পার্কে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বিজয়মেলার মাধ্যমে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও অর্জনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বিভাগীয় কমিশনারের নেতৃত্বে অতিথিবৃন্দ মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিন দিনব্যাপী এই মেলায় অর্ধশতাধিক স্টলে বরিশালের চারু ও কারু পণ্য প্রদর্শন করা হবে।
মেলা চলবে বিকেল ২ টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলা চলবে ১৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
