বরিশালে ট্রাকচাপায় স্বামী নিহত, হাসপাতালে স্ত্রী

ডিসেম্বর ০৬ ২০২৫, ২৩:২৮

আমার বরিশাল ডেস্ক,

বরিশালের বাকেরগঞ্জে কুয়াকাটায় বেড়াতে গিয়ে ফেরার পথে ট্রাকচাপায় নবীন হালদার নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী।

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার আউলিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নবীন হালদার (৩৫) উজিরপুর উপজেলার পীরের পাড় এলাকার নিগম হালদারের ছেলে। আহত স্ত্রী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের উপপুলিশ পরিদর্শক মো. শাহাদাত।

আরও পড়ুন: চট্টগ্রামে হাসপাতাল থেকে ফেরার পথে ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত

তিনি জানান, সকালে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে যান নবীন হালদার। সেখান থেকে বাড়ি ফেরার পথে কুয়াকাটাগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে নবীন ও তার স্ত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক নবীনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন....