বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাবেশ ও মানববন্ধন
নভেম্বর ২৫ ২০২৫, ১৪:১৬
বরিশাল : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই স্লোগানে মানববন্ধন আয়োজন করে সম্মিলিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন পর্ষদ, বরিশাল।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা এখনো উদ্বেগজনক হারে বাড়ছে। সামাজিক, পারিবারিক কিংবা ডিজিটাল—সব ক্ষেত্রেই নারীরা বহুমুখী নির্যাতনের শিকার হচ্ছেন। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণির মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, উন্নত রাষ্ট্র গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে একটি নিরাপদ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা। এতে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, পিডিও’র নির্বাহী পরিচালক রনজিত দত্ত, উন্নয়ন সংগঠক হাসিনা বেগম নিলা, আইসিডিএ’র নির্বাহী পরিচালক কাজী নওসতসহ বিভিন্ন নারী সংগঠন, উন্নয়ন সংগঠন এবং এনজিও প্রতিনিধিরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
