পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১
নভেম্বর ২৩ ২০২৫, ২১:৪৬
ডাকাতির সময় পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত অবস্থায় আরেক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার (২২ নভেম্বর) রাত আড়াইটার দিকে সদর উপজেলার পশ্চিম দূর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে আটক সবুজ হাওলাদারের (৫৫) বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক রাধা রমনের নেতৃত্বে থাকা পুলিশের একটি টহল টিম পশ্চিম দূর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্থানীয়দের ধাওয়ায় অন্য ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে স্বর্ণের চেইন, কানের বালা ও শাঁখাসহ অন্যান্য স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানিয়েছেন দুলালের ভাই অমলেশ চন্দ্র রায়।
