বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিতে মহানগর জাসাসের নাটক ও গীতিনৃত্যালেখ্য মঞ্চস্থ
সেপ্টেম্বর ০৬ ২০২৫, ১৫:৪০
বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শনীর আয়োজন অনুষ্ঠিত হয় বরিশাল জেলায়। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মহানগর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশালের অশ্বিনী কুমার হলে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শনী হয়। এ আয়োজনে নাটক ও গীতিনৃত্যালেখ্য পরিবেশন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
আয়োজনে বরিশাল মহানগর শাখার পরিবেশনায় মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের রচনা ও নির্দেশনায় ফ্যাসিস্ট বিরোধী নাটক ‘শিমুলতলী ও একজন বিন্দুমাসী’ এবং গীতি নৃত্যালেখ্য ‘জিয়াউর রহমান একজন স্বাধীনতার মহানায়ক’ মঞ্চস্থ হয়।
নাটকে গত ফ্যাসিস্ট সরকারে নির্যাতন নিপীড়ন ও বিভিন্ন দুর্নীতির বিষয়টি তুলে ধরা হয়। সেইসাথে অত্যাচারের বিরুদ্ধে আপামর জনগণের বিদ্রোহ ও অবশেষে সেই অত্যাচারীর পালিয়ে যাওয়া নাটকীয়ভাবে ফুটে ওঠে।
গীতি-নৃত্যালেখ্যে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও নেতৃত্ব উপস্থাপন করা হয়। যা দর্শক মহলে ব্যাপক প্রশংসা পায়।
মহানগর জাসাসের সদস্য সচিব কামরুল আহসান রুমির তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক এবং পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
আরও পড়ুন: সত্যজিৎ ঋত্বিক মৃণাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাবিত্রী’
আরও ছিলেন জেলা বিএনপির আহ্ববায়ক জিয়া পরিবারের আপনজন মো: মনিরুজ্জামান ফারুক, বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব, বার বার কারাবরণকারী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম জুলাই যোদ্ধা জিয়াউদ্দীন সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কসহ সদস্য ও অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।
