উজিরপুরে চুরির ঘটনায় মামলার বাদীকে ফাঁসাতে প্রতিপক্ষের নয়া কৌশল
জুলাই ১৫ ২০২৫, ১৬:৫৯
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে নগদ অর্থ ও মোবাইল ফোন চুরির ঘটনায় মামলার বাদীকে ফাঁসাতে প্রতিপক্ষের নয়া কৌশল। সুত্রে জানা যায় উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আঃ হামেদ বেপারীর ছেলে মৎস্য ব্যবসায়ী মোঃ মন্জুরুল ইসলাম বেপারীর পোনামাছের খাবার ক্রয়ের জন্য গচ্ছিত নগদ ২ লক্ষ টাকা ও একটি মোবাইল সেট গত ৩০ জুন সোমবার দুপুর ১ টার দিকে হাতিয়ে নেয় চোরচক্ররা।
চুরির ঘটনায় ভুক্তভোগী মন্জুরুল ইসলাম বেপারী বাদী হয়ে ২ জুলাই মোকাম বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ওই এলাকার জুরান বৈদ্যের ছেলে রিপন বৈদ্য(৩৫),মৃত শিমন ফলিয়ার ছেলে তপন ফলিয়া(৪৫),মৃত অ্যান্তনি বৈদ্যের ছেলে পিতর বৈদ্য(৫০),মৃত মুকুন্দ মন্ডলের ছেলে যুগল মন্ডল(৩৮),সায়মন বাড়ৈর স্ত্রী অধোরা বাড়ৈ(৩০),মৃত বিভুদান বাড়ৈর ছেলে সায়মন বাড়ৈ(৪০) এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে ভুক্তভোগী মন্জুরুল ইসলাম বেপারী সাংবাদিকদের কান্নার কন্ঠে বলেন আমার মৎস্য ঘেরের মাছের খাবার কেনার নগদ ২ লক্ষ টাকা ও একটি মোবাইল সেট চুরি করে ওই সন্ত্রাসীরা ক্ষ্যন্ত হয়নি। চোরচক্ররা একটি পরিত্যক্ত ঘরে আগুন দেয় এবং আমার চুরি হওয়া মোবাইলটি ঘটনাস্থলে ফেলে রেখে চুরির ঘটনা ধামাচাপা দেয়ার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের্ করে আমাকে হয়রানি করছে।
এছাড়া তিনি মিথ্যা মামলা প্রত্যাহারসহ চুরির ঘটনায় জড়িতদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। স্থানীয় একাধিক ব্যাক্তি জানিয়েছে ঘরে আগুন দেয়ার ঘটনাটি নাটক। মুলত চুরির ঘটনা ধামাচাপা দেয়া এবং ঘরে আগুন দিয়ে মিথ্যা নাটক সাজিয়ে মামলা দায়ের করে ব্যবসায়ীকে হয়রানি করা হচ্ছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান মামলার ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
